ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্য সংকট নিরসন ও কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য তেহরানের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৮ ডলার বেড়ে ১০৮ দশমিক ৩০ ডলারে গিয়ে ঠেকেছে। একই সঙ্গে মার্কিন বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫২ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৯৩ ডলারে।

এর আগে তেহরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সামরিক চাপ কমিয়ে তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তবে কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় চালুর ব্যবস্থা করা হবে। এ প্রস্তাবের সঙ্গে বেশ কিছু শর্তও দিয়েছিল ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সে প্রস্তাব নাকচ করে দেওয়ায় এ নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অনমনীয় সিদ্ধান্তের কারণেই মূলত তেলের বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজার অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তেলের দাম বেড়ে গেছে বলে মনে হচ্ছে।’

তবে হরমুজ প্রণালি দিয়ে আংশিক তেল চলাচল করায় একদম লাগামহীন পরিস্থিতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। হামাদ হুসেইন আরও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে বেশি পরিমাণে তেল প্রবাহিত হওয়ায় দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ কিছুটা কমছে।’

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এ দ্বন্দ্ব দীর্ঘায়িত হলে, শুধু হরমুজ প্রণালিই নয়, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামোগুলোও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। এতে বৈশ্বিক বাজারে জ্বালানির ঘাটতি আরও তীব্র আকার ধারণ করবে।

ফলে ওয়াশিংটন-তেহরান উত্তেজনার এ নতুন মোড় এবং জ্বালানি বাজারের গতিপ্রকৃতি এখন গোটা বিশ্বের জন্যই বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/