জাগৃকের কর্মচারী নেতা শাহীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাগৃকের কর্মচারী নেতা শাহীন গ্রেপ্তার
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারী মো. মোস্তফা কামাল শাহীন গ্রেপ্তার

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) কর্মচারী মো. মোস্তফা কামাল শাহীনকে রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাগৃকের অফিস সহকারী এবং তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মিরপুর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন রিমান্ডের আবেদনটি করেন।

মামলার এজাহার ও পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী অভিজাত পরিবহনের বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির পেছনের কয়েকটি আসন, ফ্যান ও কিছু অংশ পুড়ে যায়। বাসে থাকা ৩০ থেকে ৩৫ জন যাত্রী নেমে নিজেদের রক্ষা করেন।

পুলিশের দাবি, ওই ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৪০ থেকে ৫০ জন জড়িত ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে মোস্তফা কামাল শাহীনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, তিনি ‘শাহীন ভাইয়ের সমর্থক গোষ্ঠী’ নামে একটি অনলাইন পেজ পরিচালনা করেন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে তিনি অর্থের জোগান দিতেন। মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তিনি অর্থ দিয়েছেন বলে তথ্য পাওয়ার কথা উল্লেখ করেছে পুলিশ।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, সিডিএমএসে তথ্য যাচাই করে মোস্তফা কামালের বিরুদ্ধে যাত্রাবাড়ী, বাড্ডা ও মোহাম্মদপুর থানায় করা পৃথক তিনটি মামলায় আসামি হিসেবে থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি মামলায় ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, তার সহযোগী ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অর্থের জোগানদাতাদের পরিচয় জানতে মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

/এমআর/