রিয়াদের আর্থিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রিয়াদের আর্থিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত
আরামকো টাওয়ার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি বহুতল প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একাধিক প্রত্যক্ষদর্শী এবং জিওলোকেশন ভিডিও থেকে এ হামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এর পরপরই হামলার খবর সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ও সিএনএন দ্বারা যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আরামকো ভবনের উপরের তলাগুলোর ক্ষতি হয়েছে।

সরকারি সৌদি সংবাদ সংস্থা সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানিয়েছে, রবিবার (৮ নভেম্বর) রিয়াদে আরামকোর প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা করা হয়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার ফলে শ্র্যাপনেল ভবনটির সামান্য ক্ষতি করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর তিনি দুর্ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন।

রবিবার ভোরে রিয়াদ জুড়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সোশাল মিডিয়া এক্সে জানান, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের দ্বারা রিয়াদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত ও ধ্বংস করেছে। জোটটি আরও জানায়, তারা রিয়াদ ও দক্ষিণাঞ্চলে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত ও ধ্বংস করেছে।

আরামকো ভবনে এ হামলার দায় এখনো হুথিরা স্বীকার করেনি। তবে সংগঠনটি জানিয়েছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সৌদি বিমান হামলা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে।

সূত্র সিএনএন

/এমএকে/