জর্ডানে গির্জায় হামলা: ৩ জনের মৃত্যুদণ্ড

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জর্ডানে গির্জায় হামলা: ৩ জনের মৃত্যুদণ্ড
জর্ডানের কারাক প্রদেশের অবস্থিত সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জা

অক্টোবরে জর্ডানের কারাক গভর্নরেটের একটি গির্জায় সশস্ত্র হামলা চালিয়ে ৯ জনকে হত্যার দায়ে ৩ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত। রবিবার (১৫ নভেম্বর) আদালতের পক্ষ থেকে এ রায় ঘোষণা করা হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে, ৯ জনকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। শুধু হত্যাকাণ্ডই নয়, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী গোষ্ঠীর আদর্শ প্রচারের দায়েও তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের রায়ে আরও উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের জন্য তহবিল সরবরাহের দায়েও দোষী সাব্যস্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ২৩ অক্টোবর। সেদিন পশ্চিম জর্ডানের কারাক শহরের একটি গির্জার ভেতরে শেষকৃত্য চলাকালীন হঠাৎ করেই এ সশস্ত্র হামলা চালানো হয়। ভয়াবহ হামলায় ঘটনাস্থলে ও পরবর্তীতে ৯ জন নিহত হন এবং আরও ৩৪ জন গুরুতর আহত হন।

হামলার পরপরই হামলাকারীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর ২৬ অক্টোবর এক বিবৃতিতে জানায়, যৌথ তল্লাশি অভিযানের পর ওই ৩ হামলাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, নিরাপত্তা বাহিনী কারাকের একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে হামলাকারীদের অবস্থান শনাক্ত করে। তাদেরকে ঘিরে ফেলা হলে তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ হামলাকারীই আহত হন এবং শেষ পর্যন্ত তাদের গ্রেপ্তারের মাধ্যমে অভিযানের সমাপ্তি ঘটে। অভিযানের পর ঘটনাস্থল ও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আহত হননি বলে নিশ্চিত করেছিল অধিদপ্তর।

সূত্র: আনাদোলু এজন্সি

/এমএকে/