শিরোনাম

পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত ইসরায়েল-লেবানন

সিটিজেন ডেস্ক
পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত ইসরায়েল-লেবানন
ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের মধ্যে আলোচনা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে অনুষ্ঠিত সরাসরি আলোচনার পর ইসরায়েল ও লেবানন উভয় পক্ষ নির্ধারিত সময়ে ও স্থানে পরবর্তী দফার বৈঠকে বসতে ঐকমত্যে পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কয়েক দশকের মধ্যে দেশ দুটির মধ্যকার প্রথম এই সরাসরি সংলাপকে ঘিরে আশাবাদ ব্যক্ত করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই প্রক্রিয়া ২০২৪ সালের চুক্তির সীমাবদ্ধতা কাটিয়ে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে। ওয়াশিংটন স্পষ্ট করেছে, শত্রুতা অবসানের যেকোনো চুক্তি অবশ্যই দুই দেশের সরকারের মধ্যে সরাসরি হতে হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা অপরিহার্য। এক্ষেত্রে অন্য কোনো বিকল্প পথে পৃথক আলোচনা গ্রহণযোগ্য হবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চলমান এ আলোচনার সাফল্য লেবাননের পুনর্গঠন ও অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে বড় ধরনের সহায়তার দুয়ার খুলে দিতে পারে, যা উভয় দেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে। ইসরায়েল পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব অমীমাংসিত ইস্যু সমাধান এবং অঞ্চলে টেকসই স্থিতিশীলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সরাসরি আলোচনা চালিয়ে যেতে বদ্ধপরিকর।

অন্যদিকে, লেবানন ২০২৪ সালের নভেম্বরে ঘোষিত শত্রুতা অবসান চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বৈরুত তাদের আঞ্চলিক অখণ্ডতা ও পূর্ণ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার দাবির পাশাপাশি অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি এবং চলমান সংঘাতের ফলে সৃষ্ট চরম মানবিক সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: সিএনএন

/এমএকে/