শিরোনাম

ইরানে গোপনে একাধিক হামলা চালায় সৌদি আরব

সিটিজেন ডেস্ক
ইরানে গোপনে একাধিক হামলা চালায় সৌদি আরব
একটি সৌদি যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা নিয়ে আরও এক চাঞ্চল্যকার তথ্য সামনে এলো। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল। বুধবার (১৩ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলা চালিয়েছিল বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। এর ফলে ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পশ্চিমা দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত মার্চে সৌদি আরব গোপনে ইরানে একাধিক হামলা চালায়। তেহরান দেশটির ওপর হামলা চালানোর জেরে পাল্টা হামলা চালায় রিয়াদ।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সৌদি আরব সরাসরি যুক্ত হয়ে পড়ে বলে জানিয়েছেন তারা। একইসঙ্গে রিয়াদ প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন ওই দুই কর্মকর্তা।

রয়টার্স জানিয়েছে, সৌদি ইরানের কোন কোন স্থাপনা টার্গেট করেছে সেটি স্পষ্ট হওয়া যায়নি।

মার্চের শেষ দিকে সৌদি আরব হুমকি দেয় তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। সৌদির এ হুমকি এবং কূটনৈতিক তৎপরতায় পরবর্তীতে উত্তেজনা কমে বলে জানিয়েছেন পশ্চিমা আরেক কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে প্রাণ হারান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের অধিক জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ ৪০ দিন হামলা-পাল্টা হামলা চলার পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘোষণার এক সপ্তাহ আগেই ইরানের সঙ্গে সৌদির উত্তেজনা কমে যায় বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

এ ব্যাপারে মন্তব্য জানতে ইরান ও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দুই দেশের কেউ এতে সাড়া দেয়নি।

সূত্র: রয়টার্স

/জেএইচ/