আঞ্চলিক দেশগুলোকেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আরাঘচি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আঞ্চলিক দেশগুলোকেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বিদেশি কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিজ নিজ উদ্যোগে শান্তি নিশ্চিত করতে হবে বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে এ অঞ্চলে অস্থিরতা ও সংঘাত তৈরির জন্য দখলদার ইসরায়েলি শাসনব্যবস্থাকে সরাসরি দায়ী করেছেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউটের (আইপিআইএস) প্রাঙ্গণে এক স্মরণসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। মূলত মার্কিন ও জায়নবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় নিহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কৌশলগত বৈদেশিক সম্পর্ক পরিষদের সাবেক প্রধান শহীদ কামাল খারাজির স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরাঘচি জানান, মধ্যপ্রাচ্যের ভেতর থেকে উঠে আসা যে কোনো নিরাপত্তা প্রস্তাব বা উদ্যোগকে ইরান সর্বদাই স্বাগত জানায়। বিদেশি শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এসব শক্তি কেবলই ইসরায়েলি স্বার্থ এবং নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্যই হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধকে উসকে দেওয়া।

বক্তব্যে তিনি বলেন, আমরা এখনও বিশ্বাস করি আমাদের অঞ্চলে বিদেশি হস্তক্ষেপমুক্ত নিজস্ব শান্তি বিরাজ করা উচিত। গত বছরের যুদ্ধগুলো এ অঞ্চলের ইতিহাসে একটি সন্ধিক্ষণ এবং এটি বিদ্যমান সমস্ত কাঠামোকে বিপর্যস্ত করেছে। এটাই বাস্তবতা, এবং আগের মতো আর কিছুই থাকবে না।

আরাঘচির মতে, সমগ্র অঞ্চলে চলমান অস্থিরতার একমাত্র মূল কারিগর ইসরায়েল। তিনি বলেন, জায়নবাদী শাসনব্যবস্থাই এ অঞ্চলের একমাত্র যুদ্ধবাজ শক্তি। যেটি ক্রমাগত যুদ্ধ চালিয়ে যায় এবং সংঘাতে উস্কানি দেয়।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/