মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করেছে ইরান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করেছে ইরান
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করে।

এর আগে সেপ্টেম্বরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের তৈরি শাহেদ-১৩৬ মনুষ্যবিহীন আকাশযানের নকশা অনুকরণ করে এ ‘লুকাস’ ড্রোন নির্মাণ করেছে এবং তা নিজেদের সামরিক অস্ত্রাগারে যুক্ত করেছে।

মুসাভি ইরানের শাহেদ-শ্রেণির বহুমুখী ড্রোনের সক্ষমতার কথা তুলে ধরে বলেন, আক্রমণাত্মক যুদ্ধ, সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা মিশনের জন্য বিশেষভাবে তৈরি এ ড্রোন বহর ইরানের জাতীয় প্রতিরক্ষার অন্যতম প্রধান মূলভিত্তি। তিনি আরও উল্লেখ করেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ ১’-এ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন ব্যবহারের মাধ্যমে ইরান এক নতুন মাইলফলক ও রেকর্ড স্থাপন করেছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/