শিরোনাম
সরাসরি

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

১৭: ২৯

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব মঙ্গলবার দিবাগত রাতে এক হামলায় নিহত হয়েছেন।

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে খতিবের মৃত্যুর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

কাৎজ আরও বলেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন—ইরানের যেকোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হলে তার জন্য আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

এর আগে, গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে হামলার আগের রাতেই ইসরায়েল ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সচিব আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করে।

এই তথ্য আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৭: ১৯

বৈরুতে ইসরায়েলের হামলা, উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আক্রমণ

বৈরুতে ইসরায়েলের হামলা, উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আক্রমণ
বৈরুতে ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছে। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। রাতভর বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রীয় এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে উপসাগরীয় কয়েকটি দেশে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একটি বিস্ফোরণে শহরের একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ঘটনাস্থল থেকে বিবিসির সাংবাদিক ওয়াইর ডেভিস জানিয়েছেন, হামলার লক্ষ্যবস্তু এলাকাটি হেজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নয়; বরং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলের উপস্থিতিই বেশি।

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। এরই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

ভোরের দিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও কাতার জানিয়েছে, তাদের আকাশসীমায় আসা হামলাগুলো প্রতিহত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর আশপাশে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অভিযানে শক্তিশালী বাঙ্কার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

১৭: ১৪

মধ্যপ্রাচ্যের সংঘাতে বুধবারের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ

মধ্যপ্রাচ্যের সংঘাতে বুধবার ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্যে ইসরায়েল দাবি করেছে, সাম্প্রতিক এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশটি আরও বলেছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টায় তেহরানের এনকেলাব স্কয়ারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা শেষে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিবেকের তাড়নায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সমর্থন দিতে পারছেন না।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি খাতেও। সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর সেখানে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আকাশপথেও এর প্রভাব দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ জুন পর্যন্ত কিছু রুটে ফ্লাইট বাতিল করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান পরিস্থিতির কারণে মার্চের শেষ দিকে নির্ধারিত তার চীন সফর প্রায় এক মাস পিছিয়ে দিতে পারেন।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে ইরানও সংযুক্ত আরব আমিরাতের দিকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।

১৭: ০৫

‘ইসরায়েলে গুপ্তচরবৃত্তি’র অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

‘ইসরায়েলে গুপ্তচরবৃত্তি’র অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল ইরান। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

বুধবার (১৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়, কোরুশ কায়ভানি নামের ওই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় গ্রেপ্তার করা হয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা সংক্রান্ত তথ্য ও ছবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সরবরাহ করেছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০২৩ সালে সুইডেনে অবস্থানকালে একটি অনলাইন ভ্রমণ বিজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রথম শনাক্ত করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। পরে মোসাদের একজন সদস্য তাকে নিয়োগ দেন।

সংবাদমাধ্যমটির ভাষ্য অনুযায়ী, ইউরোপের ছয়টি দেশ এবং তেল আবিবে প্রায় দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ মিশনের জন্য ইরানে পাঠানো হয়।

তবে তাসনিমের এই দাবি ও অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

১৬: ৫১

লারিজানি ও সোলাইমানির জানাজা শেষে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

লারিজানি ও সোলাইমানির জানাজা শেষে প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানি। ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা শেষে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টায় তেহরানের এনকেলাব স্কয়ারে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টায় রাজধানীর এনকেলাব স্কয়ারে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

একইদিন গত ৪ মার্চ মার্কিন টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস দেনা’র নিহত ৮৪ নাবিকের স্মরণে পৃথক শোকসভা আয়োজন করা হয়।

ইরান গত মঙ্গলবার নিশ্চিত করে, লারিজানি ও সোলাইমানি উভয়ই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার পর দেশটির সেনাপ্রধান আমির হাতামি কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।