শিরোনাম

প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন যমুনায়

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন যমুনায়
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এর আগেই ঈদের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকারপ্রধান।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন যুমনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

শেরেবাংলা নগরে কবর জিয়ারতের পর প্রধানমন্ত্রী তার গুলশানের বাসায় যাবেন।

যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করছেন তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফেরেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে গণভবন ব্যবহার হতো। তবে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার কারণে গণভবনে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ আর নেই। তাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই সরকারপ্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এরই মধ্যে সরকারপ্রধান যমুনায় দুই দফায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে দেশি ও বিদেশি কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।

/এফসি/