শিরোনাম

জাতীয় ঈদগাহে ঈদ জামাত সাড়ে আটটায়

বিশেষ প্রতিনিধি
জাতীয় ঈদগাহে ঈদ জামাত সাড়ে আটটায়
ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। ছবি: সিটিজেন ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মোঃ আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে এসব জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোঃ জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

/এমআর/