শিরোনাম

‘মার্কিন নিষেধাজ্ঞা শুধু ইরান নয়, সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘মার্কিন নিষেধাজ্ঞা শুধু ইরান নয়, সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা মূলত একটি নির্দিষ্ট দেশ নয়, বরং পৃথিবীর সব দেশের বিরুদ্ধেই এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাঘাই অভিযোগ তোলেন, এই নিষেধাজ্ঞার আড়ালে যুক্তরাষ্ট্র মূলত বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ওপর জোর করে নিজেদের অভ্যন্তরীণ আইন আর কর্তৃত্ব চাপিয়ে দিতে চাইছে। তার মতে, কোনো বিদেশি ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা বিমানবন্দর কার সঙ্গে বৈধ বাণিজ্য করবে আর কার সঙ্গে করবে না, তা ঠিক করে দেওয়ার অধিকার কোনো একক দেশের সরকারের নেই। এসব প্রতিষ্ঠান নিজ নিজ রাষ্ট্রের সার্বভৌম ও আইনি কাঠামোর অধীনে পরিচালিত হয়।

যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞার’ তীব্র আপত্তি জানান বাঘাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, আন্তর্জাতিক আইনে এসব পদক্ষেপের বিন্দুমাত্র ভিত্তি নেই। এটি জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সমান সার্বভৌমত্বের নীতিকে সরাসরি লঙ্ঘন করে।

এই ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টিকে ‘আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেন এ মুখপাত্র। একই সঙ্গে তিনি জানান, নিষেধাজ্ঞার সঙ্গে যদি নৌ অবরোধ যুক্ত হয়, তবে অন্য স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্ব কেবল একটি শক্তিশালী রাষ্ট্রের খামখেয়ালির ওপর জিম্মি হয়ে পড়বে। এভাবে চলতে থাকলে এবং কোনো দেশ এর কাছে নতি স্বীকার করলে ধীরে ধীরে জাতীয় সার্বভৌমত্ব বিলুপ্ত হবে। বিশ্বব্যবস্থা আবারও ‘প্রকাশ্য ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার’ দিকে ধাবিত হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/