ডেঙ্গুর সঙ্গে লড়াই, উৎকণ্ঠায় নির্ঘুম স্বজনেরা

ডেঙ্গুর সঙ্গে লড়াই, উৎকণ্ঠায় নির্ঘুম স্বজনেরা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের সেবায় নিয়োজিত স্বজনেরা। ছবি: সিটিজেন জার্নাল

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বিছানায় শুয়ে আছে আল আমিন। বয়স মাত্র ১৪ বছর। যে সময়ে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার কথা, খেলাধুলায় মেতে থাকার কথা, সেই সময়েই তাকে কাটাতে হচ্ছে হাসপাতালে।

চট্টগ্রামের মীরসরাই থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসেছে আল আমিন। তার দিনমজুর বাবা আর মা আসতে পারেননি। জীবিকার তাগিদে তাদের থাকতে হয়েছে নিজ এলাকায়। ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে তার খালা মর্জিনা বেগমের ভরসায়। এখন হাসপাতালের বিছানায় শুয়ে আল আমিনের অপেক্ষা, কবে ফিরবে পরিচিত সেই বাড়িতে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একেকটি শয্যায় চলছে একেকটি রোগীর সুস্থতার জন্য লড়াই। কোথাও রোগীর পাশে বসে সেবা করছেন স্বজনেরা, কোথাও প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী নিয়ে ছোটাছুটি করছেন কেউ। আবার কোনো শয্যার পাশে নীরবে বসে আছেন স্বজন, চোখে-মুখে প্রিয়জনের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে আল আমিনের চিকিৎসা চলছে। ছবি: সিটিজেন জার্নাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে আল আমিনের চিকিৎসা চলছে। ছবি: সিটিজেন জার্নাল

আল আমিনের শয্যার পাশে বসে ছিলেন মর্জিনা বেগম। শুয়ে থাকা ভাগনের মুখের দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন, কখনো প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিচ্ছেন। ভাগনের অসুস্থতায় উদ্বিগ্ন এই খালার সময় কাটছে তার সেবা আর সুস্থতার অপেক্ষায়। চট্টগ্রামে থাকা আল আমিনের বাবা-মায়ের দুশ্চিন্তাও এখন তার নিজের কাঁধে এসে পড়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় আল আমিন। মর্জিনা বেগম সিটিজেন জার্নালকে বলেন, ‘চট্টগ্রামে চিকিৎসা করিয়েও ভালো ফল পাচ্ছিলাম না। তাই ভাগনেকে নিয়ে ঢাকায় এসেছি। ওর বাবা-মা দুজনই দিনমজুর। কাজ ফেলে তাদের পক্ষে এখানে আসা সম্ভব হয়নি। তাই আমার ভরসায় আল আমিনকে পাঠিয়েছেন। ওর দিকে তাকালে খুব খারাপ লাগে। ও সুস্থ হয়ে আবার আগের মতো জীবন ফিরে পাক।’

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ বছর বয়সী আমিরুন নেসা। তার বাড়ি গাজীপুরে। গত ২ নভেম্বর ভর্তি হন তিনি। অসুস্থ মায়ের পাশে রয়েছেন তার মেয়ে ও মেয়ের জামাই। মায়ের শয্যার পাশে তাদেরও দীর্ঘ অপেক্ষার প্রহর কাটছে। কখন মা সুস্থ হবেন, কবে তাকে নিয়ে আবার বাড়ি ফিরতে পারবেন, সেই প্রত্যাশায় দিন গুনছেন তারা।

আমিরুন নেসার মেয়ে বলেন, ‘মায়ের অসুস্থতার পর থেকেই আমরা খুব দুশ্চিন্তায় আছি। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার পাশে থাকার চেষ্টা করছি। মাকে এভাবে হাসপাতালে শুয়ে থাকতে দেখলে মন খারাপ হয়। আমরা চাই, তিনি সুস্থ হয়ে উঠুন। আবার আগের মতো পরিবারের সবার সঙ্গে সময় কাটান। তাকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে নিতে চাই।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রিয়জনের সুস্থতার অপেক্ষায় স্বজনরা। ছবি: সিটিজেন জার্নাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রিয়জনের সুস্থতার অপেক্ষায় স্বজনরা। ছবি: সিটিজেন জার্নাল

আল আমিন ও আমিরুন নেসার বয়স, পারিবারিক বাস্তবতা এবং ঢাকায় আসার প্রেক্ষাপট আলাদা। তবে দুজনের পরিবারেই অপেক্ষার গল্প প্রায় একই। তাদের প্রত্যেকের চোখে প্রিয়জনকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা।

নিম্ন আয়ের পরিবারের জন্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়া বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দূর থেকে ঢাকায় চিকিৎসা নিতে আসা, হাসপাতালে থাকা-খাওয়া এবং রোগীর দেখভাল– সবকিছুই সামলাতে হচ্ছে সীমিত সামর্থ্যের মধ্যে।

রোগীর পাশে থেকে সেবা দিতে গিয়ে নানা প্রতিকূলতা সামলাতে হচ্ছে স্বজনদের। বিশেষ করে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের পরিবারগুলোকে চিকিৎসার পাশাপাশি থাকা-খাওয়ার বাড়তি ব্যয়ও বহন করতে হচ্ছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দিতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঢামেকের ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স বলেন, ‘প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক দুই ধরনের রোগীই রয়েছেন। আমরা নিয়মিত রোগীদের পর্যবেক্ষণ করছি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা দিচ্ছি। রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করলেই হবে না বরং রোগের বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।

/এফসি/