ইরান কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ, ভিন্ন পথে যুক্তরাষ্ট্র: আরাঘচি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরান কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ, ভিন্ন পথে যুক্তরাষ্ট্র: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরান কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানে অটল থাকলেও যুক্তরাষ্ট্র আগ্রাসন ও অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে আরাঘচি বলেন, তেহরান গত ২ বছর ধরে কূটনৈতিক আলোচনার পথে থাকার চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু ওয়াশিংটনের অবস্থান ছিল এর ঠিক উল্টো। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে। এ সময় তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে আগ্রাসন, হুমকি, লক্ষ্য করে গুপ্তহত্যা, অর্থনৈতিক চাপ এবং অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

আঞ্চলিক সম্পর্কের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক চায়। আরাঘচি বলেন, এ অঞ্চলের দেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও স্থাপনাগুলো যেন একে অপরের ওপর হামলার মঞ্চে পরিণত না হয়।

সাম্প্রতিক সামরিক তৎপরতার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, ইরানের অভিযানগুলো কেবল হামলাকারীদের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে চালানো হয়েছিল। এগুলোকে কোনোভাবেই প্রতিবেশী দেশের সরকার বা জনগণের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবে দেখা ঠিক হবে না।

নিরাপত্তা ইস্যুতে এ অঞ্চলের দেশগুলোর নিজস্ব উদ্যোগে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ শুরুর আহ্বান জানান আব্বাস আরাঘচি। তিনি মনে করেন, এমন সংলাপ পারস্পরিক অনাক্রমণ নীতি বজায় রাখবে এবং তৃতীয় কোনো দেশকে অন্য কোনো রাষ্ট্রের ওপর হামলার জন্য এ অঞ্চলের ভূখণ্ড ব্যবহার করা থেকে বিরত রাখবে। পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এ নিষেধাজ্ঞা নিজেদের অধিকার রক্ষা করতে এবং তার ভাষায় অতিরিক্ত ও বেআইনি দাবিগুলো প্রতিহত করতে ইরানিদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/