মার্কিন অবরোধ এড়িয়ে ইরানে অস্ত্র পৌঁছাচ্ছে ৫ হাজার সংস্থার গোপন নেটওয়ার্ক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন অবরোধ এড়িয়ে ইরানে অস্ত্র পৌঁছাচ্ছে ৫ হাজার সংস্থার গোপন নেটওয়ার্ক
ইরানের সেনাবাহিনীর সদস্যরা

মার্কিন নৌ-অবরোধ এবং পশ্চিমা বিশ্বের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা- কোনো কিছুই আটকে রাখতে পারেনি ইরানকে। সব বাধা পেরিয়ে অন্তত ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারের সামরিক সরঞ্জাম দেশে এনেছে তেহরান। আর এ অসাধ্য সাধন করতে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার সামরিক ও আর্থিক সংস্থার এক সুবিশাল নেটওয়ার্ক তৈরি করেছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ হাজারেরও বেশি কাগুজে ও কার্যকর সংস্থার এ নেটওয়ার্কটি মূলত তেহরানের জন্য এক শক্তিশালী আর্থিক ও সামরিক চালিকাশক্তি হিসেবে কাজ করে আসছে। এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ সরাসরি চালিত হয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির প্রভাবশালী এলিট শ্রেণির নিয়ন্ত্রণে থাকা ‘বনিয়াদ’ নামক বিশালাকার বাণিজ্যিক কনগ্লোমারেটগুলোর মাধ্যমে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মিয়াদ মালেকি। তিনি বলেন, বর্তমান সংঘাতের সময়ে এবং এর আগের বহু বছর ধরে এটিই ছিল ইরানি শাসকগোষ্ঠীর মূল সামরিক অর্থনৈতিক লাইফলাইন বা প্রধান চালিকাশক্তি। তার মতে, এটি সাধারণ কোনো লেনদেনের মাধ্যম নয়, বরং ইরানের সামরিক বাণিজ্য কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত অস্ত্র আমদানির এ নেটওয়ার্কটি ইরানকে নিজস্ব প্রযুক্তিতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরির জন্য যেসব মৌলিক কাঁচামাল ও যন্ত্রাংশ প্রয়োজন, তার প্রায় সবই নিয়মিত সরবরাহ করে গেছে। আর এসব অস্ত্র ব্যবহার করেই ইরান উপসাগরীয় অঞ্চলের কৌশলগত জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। এরফলেই মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক চাপ সামলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা আইআরজিসির জন্য অনেকটাই সহজ হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/