নেতানিয়াহু ও বিন জায়েদ বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি গণমাধ্যম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেতানিয়াহু ও বিন জায়েদ বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি গণমাধ্যম
ফ্লাই দুবাইয়ের একটি বিমান

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান আকাশে থাকা অবস্থায় আকস্মিক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে মাত্র দুই মিনিটের ব্যবধানে বিমানটির ১৭ হাজার ফুট নিচে নেমে আসার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছিল ১৭৪ জন যাত্রী।

বিমানের ক্যাপ্টেনের ওপর কো-পাইলটের হামলার জেরে ঘটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত একজন অফ ডিউটি পাইলট দ্রুত নিয়ন্ত্রণ হাতে নিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। তবে এ রোমহর্ষক ঘটনার পরই একে কেন্দ্র করে ইরানের গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার শুরু হয়েছে।

ইরানি গণমাধ্যমটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মিলে বিমানটি ছিনতাইয়ের নাটকটি সাজিয়েছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল হামাসের ৭ অক্টোবরের হামলার ইস্যু থেকে মানুষের নজর ঘুরানো এবং ইসরায়েলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলা। মূলত এ ‘ফলস ফ্লাগ’ অপারেশনকে ঢাল বানিয়েই ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন শুরু করার ফন্দি আঁটা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার দুদিন আগেই অত্যন্ত গোপনে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু, যা এ রহস্যকে আরও ঘনীভূত করেছে।

এদিকে কেবল ইরানি গণমাধ্যমই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ নেটিজেনদের একাংশ এ ঘটনাকে পুরোপুরি সাজানো নাটক বলে দাবি করছেন। তাদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও চাপ থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া এবং আঞ্চলিক উত্তেজনা উস্কে দেওয়ার লক্ষ্যেই এ পরিকল্পনা করা হয়েছিল। ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেন। এমনকি নেতানিয়াহু একে ৯/১১ হামলার সঙ্গেও তুলনা করতে পিছপা হননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা ‘ফলস ফ্লাগ’ বা সাজানো নাটকের তত্ত্বকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। অস্ট্রেলিয়াস্থ ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে সাফ জানিয়েছে, পুরোনো কায়দায় আবারও যেকোনো সংকটের জন্য ইহুদিদের ওপর দায় চাপানোর পুরোনো অভ্যাস ফিরে এসেছে। এটিকে স্পষ্ট ইহুদি বিদ্বেষ হিসেবে উল্লেখ করেছে তারা।

সূত্র: প্রস টিভি

/এমএকে/