শিরোনাম

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ডেস্ট্রয়ার সম্পর্কে যা জানা প্রয়োজন

সিটিজেন ডেস্ক
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ডেস্ট্রয়ার সম্পর্কে যা জানা প্রয়োজন
মার্কিন ডেস্ট্রয়ার ও ইরানের বাহিনী। ছবি: সংগৃহীত

ইরানি অবরোধের মধ্যেই ৩টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর ৩টি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একটি বহুমুখী হামলা প্রতিহত করেছে।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘বিশ্বমানের ৩টি আমেরিকান ডেস্ট্রয়ার গোলাগুলির মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইরানি হামলাকারীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘ড্রোন, আক্রমণকারী নৌকা ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ডেস্ট্রয়ারগুলোতে আঘাত হানার চেষ্টা করেছিল ইরান। কিন্তু তারা সহজেই পরাজিত হয়েছে।’

তবে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। এর ফলে যুদ্ধজাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, জাহাজ তিনটি হলো– ইউএসএস ট্রাক্সটান, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসন। এগুলো আর্লেই বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার, যা মার্কিন নৌবাহিনীর সক্রিয় ৭৫টিরও বেশি জাহাজের বহরের অংশ। এগুলো মার্কিন নৌবাহিনীর প্রধান কর্মক্ষম বাহন।

৫০০ ফুটের সামান্য বেশি লম্বা এবং ৮২০০ থেকে ৯৭০০ টন ওজনের এই জাহাজগুলোতে বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক অস্ত্র রয়েছে।

জাহাজগুলো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করে, যা ধেয়ে আসা ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল মোকাবেলা করতে সক্ষম। এতে থাকা সি স্প্যারো মিসাইল সিস্টেম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে পারে।

এতে ফ্যালাঙ্কস ক্লোজ-ইন উইপনস সিস্টেম রয়েছে। এটি একটি রাডার নিয়ন্ত্রিত কামান, যা প্রতি মিনিটে ৪৫০০ রাউন্ড গুলি চালাতে পারে।

ডেস্ট্রয়ারগুলোর সম্মুখভাগে একটি পাঁচ ইঞ্চি (১২৭ মিমি) কামানও বসানো আছে। এগুলো ইরানের দ্রুতগামী আক্রমণকারী নৌকার মতো সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যদিও বৃহস্পতিবারের ইরানি হামলা প্রতিহত করতে ডেস্ট্রয়ারগুলো কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা নির্দিষ্ট করে বলেনি সেন্টকম। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো কীভাবে ভূপাতিত করা হয়েছিল তার এক বিশদ বর্ণনা দিয়েছেন ট্রাম্প।

সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেগুলো সহজেই ভূপাতিত করা হয়। একইভাবে ড্রোনও এসেছিল, যা আকাশেই ভস্মীভূত হয়ে যায়। সেগুলো অত্যন্ত সুন্দরভাবে সাগরের গভীরে ঝরে পড়ে, ঠিক যেন একটি প্রজাপতি তার কবরে নেমে আসছে!’

সূত্র: সিএনএন

/জেএইচ/