শিরোনাম

ইরানের নতুন শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে পাকিস্তান

সিটিজেন ডেস্ক
ইরানের নতুন শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে পাকিস্তান

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের দায়িত্ব পালন করা পাকিস্তানি সূত্র জানিয়েছে, তারা সর্বশেষ প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে হস্তান্তর করেছে। ওয়াশিংটন পূর্বে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, এবারের আলোচনায় কিছু বিষয়ে মার্কিন অবস্থানের নমনীয়তার আভাস পাওয়া গেছে। সোমবার (১৮ মে) এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতি বেশ কঠিন হচ্ছে উল্লেখ করে পাকিস্তানি সূত্রটি জানায়, উভয় পক্ষই ক্রমাগত তাদের লক্ষ্য পরিবর্তন করছে এবং তাদের হাতে খুব বেশি সময় নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের মতামত পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের নতুন প্রস্তাবটি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাতিল করে দেওয়া প্রস্তাবের মতোই বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবে প্রাথমিকভাবে যুদ্ধ বন্ধ করা, ইরানের কার্যকর ব্লকেড বা অবরোধে থাকা গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সমুদ্রপথের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেওয়া হয়েছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক কর্মসূচির মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো পরবর্তী ধাপের আলোচনার জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। অবশ্য এবারের প্রস্তাবে মার্কিন অবস্থানের কিছুটা নমনীয়তার ইঙ্গিত মিলেছে বলে দাবি করেছে ইরানি সূত্রটি। তথ্য অনুযায়ী, বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের ফ্রিজ করা তহবিলের এক-চতুর্থাংশ যার পরিমাণ প্রায় দশ বিলিয়ন ডলার অবমুক্ত করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, যদিও ইরান তাদের সম্পূর্ণ অর্থই ফেরত চায়।

এর পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও ওয়াশিংটন আগের চেয়ে বেশি নমনীয়তা দেখিয়েছে বলে জানা গেছে। এদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক পৃথক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচনা চলাকালীন সময়ে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারেও সম্মতি দিয়েছে মার্কিন প্রশাসন। তবে তাসনিমের এ প্রতিবেদনের সত্যতা নিয়ে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

/এমএকে/