ইয়েমেন সংঘাত ঘিরে সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইয়েমেন সংঘাত ঘিরে সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর
মিশরের যুদ্ধবিমান

মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত নতুন দিকে মোড় নিয়েছে। সৌদি আরবে সেনা ও সামরিক বিমান পাঠিয়েছে আফ্রিকার দেশ মিসর। পাশাপাশি দেশটির কৌশলগত বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করেছে কায়রো।

মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

এতে বলা হয়েছে, মিসরের এক সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে সেনা, সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে কায়রো। তাদের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, ৮টি হেলিকপ্টার এবং ৪টি বড় পরিবহন বিমান। মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজও লোহিত সাগরের দক্ষিণ দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে এগিয়ে গেছে বলে জানিয়েছে ওই সূত্র।

এছাড়াও দেশটি পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত বিভিন্ন স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও স্থাপন করা হয়েছে। লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা ও মতবিনিময় চলছিল। সামরিক হস্তক্ষেপ ও সহায়তা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোই ছিল এর লক্ষ্য।

গত সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তিনি বলেন, সংসদের অনুমোদন পাওয়ার আগেই প্রেসিডেন্ট সিসি মিসরের সামরিক বাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়।

ইয়েমেনের সঙ্গে চলমান যুদ্ধে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মিসরের কাছে সামরিক সহায়তা চেয়েছে। দেশটির আরেকটি সামরিক সূত্র জানিয়েছে, মিসরের নিরাপত্তার স্বার্থেই এসব অভিযানে অংশ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে পানিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং লোহিত সাগর ও সুয়েজ খাল সুরক্ষিত রাখা সম্ভব হবে। মিসরের জন্য সৌদি আরবের অর্থনৈতিক সহায়তাও দেশটির এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।

গত ৩০ অক্টোবর মিসরের সংবাদমাধ্যমগুলো জানায়, সৌদি আরব মিসরের কেন্দ্রীয় ব্যাংকে রাখা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও ১ বছরের জন্য বাড়াতে সম্মত হয়েছে। আমানতের মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ মুহূর্তে সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়াই মিসরের প্রকাশ্যে ঘোষিত প্রতিশ্রুতি। তবে এই সহায়তা শেষ পর্যন্ত ইয়েমেনে দেশটির স্থলসেনা পাঠানো পর্যন্ত গড়াবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে সামরিক মোতায়েনের তথ্য দেওয়া প্রথম সূত্রটি ইয়েমেনের যুদ্ধে শেষ পর্যায়ে মিসরের সেনাদের অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি। তার মতে, বিমান ও নৌ অভিযানে হুতির সামরিক সক্ষমতা দুর্বল করার পর এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

ওই সূত্র জানিয়েছে, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের মতো একটি বহুজাতিক স্থলবাহিনীর অংশ হিসেবে মিসরের স্থলসেনা হস্তক্ষেপ করতে পারে। এর আগে ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিল কায়রো।

সে সময় সৌদি আরব-সমর্থিত রাজতন্ত্রপন্থি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত প্রজাতন্ত্রপন্থি বাহিনীকে সমর্থন করার জন্য তারা হাজার হাজার সৈন্য মোতায়েন করেছিল। এই অভিযান ছিলো মিসরের জন্য ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত। ১৯৭০ সালে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে মিসরের হাজার হাজার সেনা নিহত হন।

সূত্র: মিডল ইস্ট আই

/জেএইচ/