হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফিলিস্তিনপন্থী লুলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফিলিস্তিনপন্থী লুলা
লুলা দ্য সিলভা

চতুর্থ বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফিলিস্তিনপন্থী লুলা দ্য সিলভা। দ্বিতীয় দফায় ভোট গণনায় খুবই অল্প ব্যবধানে এগিয়ে যান তিনি। তার প্রতিদ্বন্দ্বি ফ্লাভিও বলসোনারো সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে হেরে গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এর মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। এটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রমাণ বহন করে।

গত ৪ অক্টোবর প্রথম দফায় নির্বাচনে কোনো দলই ৫০ শতাংশ ভোট পায়নি। এজন্য রানঅফে গড়ায় নির্বাচন। এতে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী অংশ নেন। তবে এই দফায়ও খুব বেশি ব্যবধান না হওয়ায় দুই প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বি শিবিরেই চরম উৎকণ্ঠা দেখা দিয়েছিল। ফলে দুই পক্ষকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

প্রথম দফায় ওইদিনের নির্বাচনে ফ্লাভিও সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছিলেন। আর লুলা হয়েছিলেন দ্বিতীয়। তবে রানঅফে তিনি ফ্লাভিওকে হারিয়ে দিয়েছেন।

১৯৮৮ সালের পর এবারই প্রথম ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এমন ঘটনা ঘটেছে। যেখানে প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েও রানঅফে গিয়ে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হেরে গেছেন।

ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারেও ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তাকে হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি লুলা দ্য সিলভা। তবে জেয়ার সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে লুলাকে দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেন। এরপর তিনি বিভিন্ন আইনি জটিলতায় পড়ে আর নির্বাচন করতে পারেননি। এর পরিবর্তে তার ছেলে সিনেটর ফ্লাভিও নির্বাচন করেছেন। কিন্তু তার ছেলে কঠিন লড়াই করে হেরে গেছেন।

প্রসঙ্গত, ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা কট্টর ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত। গাজায় ইসরায়েলি গণহত্যায় সবচেয়ে বেশি আওয়াজ তোলা রাষ্ট্রপ্রধানদের মধ্যে তিনি অন্যতম।

সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/