শিরোনাম

ভেনেজুয়েলায় আকাশে আবারও মার্কিন সামরিক মহড়া

সিটিজেন ডেস্ক
ভেনেজুয়েলায় আকাশে আবারও মার্কিন সামরিক মহড়া
ভেনিজুয়েলার কারাকাসে আকাশপথে উদ্ধার মহড়ার সময় মার্কিন দূতাবাসের দিকে এগিয়ে আসছে মার্কিন মেরিন কোরের একটি এমভি-২২বি অসপ্রে বিমান। ছবি: রয়টার্স

জানুয়ারিতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর প্রথমবারের মতো দেশটিতে বড় ধরনের সামরিক মহড়া চালালো যুক্তরাষ্ট্র। শনিবার (২৩ মে) কারাকাসের আকাশে মার্কিন যুদ্ধবিমানের এ মহড়াকে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকার জরুরি চিকিৎসা ও দুর্যোগকালীন উদ্ধার তৎপরতার উদ্ধার মহড়া হিসেবে বর্ণনা করেছে।

এবারের মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি ‘এমভি-২২বি অস্প্রে’ যুদ্ধবিমান কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে এবং একই সঙ্গে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রবেশ করে। মার্কিন সাউদার্ন কমান্ডের কমান্ডার ফ্রান্সিস ডনোভান নিজেই একটি অস্প্রে বিমানে চড়ে কারাকাসে এসে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে এ সামরিক তৎপরতার বিষয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভেনেজুয়েলার স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ত্রি-স্তরীয় পরিকল্পনা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প প্রশাসন বর্তমানে ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের সরকারকে সমর্থন দিচ্ছে, যিনি পূর্বে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতা গ্রহণের পর রদ্রিগেজ সরকার ইতোমধ্যে ভেনেজুয়েলার বিশাল তেল ও খনিজ সম্পদ মার্কিন বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করতে নতুন আইন পাস করেছে। তবে আকস্মিক এ মার্কিন সামরিক মহড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারাকাসের ৫৭ বছর বয়সী বাসিন্দা এভলিন রেবোলেদো জানান, শহরের ওপর দিয়ে মার্কিন যুদ্ধবিমানের উড়ে চলা তাদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/