শিরোনাম

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
উচ্ছেদ অভিযানের পর পাকিস্তান হাইকমিশন চত্বরের বাইরের চিত্র। ছবি: এএনআই

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে গড়ে তোলা বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক সংস্থাগুলো। এ অভিযানে হাইকমিশন প্রাঙ্গণের বাইরের থাকা অবৈধ কাঠামো ও ব্যারিকেডগুলো সরানো হয়েছে। পাশাপাশি মিশনটির ভিসা বিভাগের সামনে মানুষের সারি নিয়ন্ত্রণের জন্য তৈরি বিশেষ অবকাঠামোসহ চারপাশের বাড়তি নিরাপত্তা বলয় ও ট্র্যাফিক বোলার্ড ও ভেঙে ফেলা হয়েছে।

অভিযানের পর হাইকমিশন চত্বরের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় ভাঙা মেটাল রেলিং, মুচড়ে যাওয়া টিনের ছাদ, স্টিলের বেড়া ও কংক্রিটের নানা টুকরো। ভিসা কাউন্টারগুলোর আশপাশের দেয়ালের কিছু অংশের প্লাস্টার ও গাঁথুনি ক্ষতিগ্রস্ত হলেও মিশনের মূল প্রবেশদ্বার, গম্বুজ সংলগ্ন এলাকা এবং চত্বরের মূল বেড়া অক্ষত রয়েছে।

এর ঠিক তিন দিন আগে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তা ব্যারিকেডগুলো সরিয়ে ফেলেছিল পাকিস্তান কর্তৃপক্ষ। তার পরপরই দিল্লিতে পাকিস্তান মিশনের সামনে একইরকম পদক্ষেপ নেওয়া হলো।

এদিকে কূটনৈতিক অঙ্গনে এ টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে কাশ্মীর ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতের এক মন্তব্যকে ঘিরে। শ্রীনগর সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীরকে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন। তিনি সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থারও প্রশংসা করেন।

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানাতে বুধবার (১৯ আগস্ট) ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ ডি’ অ্যাফেয়ার্স নাটালি বেকারকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ মন্তব্যের জেরে তৈরি হওয়া উত্তেজনার সঙ্গে দিল্লির উচ্ছেদ অভিযানের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: এনডিটিভি

/এমএকে/