শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: রামদেব
যোগ গুরু রামদেব

একদিন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান আবারও ভারতের অংশ হয়ে উঠবে। এ জন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে বলেছেন, যোগ গুরু রামদেব। তিনি দাবি করেন, ভারতে কোনও ধর্ম হুমকির মুখে নেই।

রায়পুরের বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এসব কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেসহ আরও বেশ কিছু সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছে, তা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম বড় নিষ্ঠুরতা। যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রামদেব বলেন, এমন একদিন আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান আবারও ভারতের সঙ্গে একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।

রামদেব ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং এর নাগরিকদের বিশ্বের সেরা নাগরিক হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন।

এর আগে গেল শুক্রবার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘ভারতীয়দের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ওরা অখণ্ড ভারত-এর ধারণায় বিশ্বাসী। কিন্তু পাকিস্তান মুসলিম-প্রধান দেশ। এটাই পাকিস্তানের পরিচয়। পাকিস্তানে ৩ থেকে ৪ শতাংশ হিন্দু জনগোষ্ঠী আছে। এখানকার হিন্দুরা অন্য যে কোনও জায়গার মতোই স্বাধীন। তারা ভারতের চেয়ে পাকিস্তানকেই বেশি পছন্দ করবে। আমরা এমন মানসিকতার মুসলিম যারা সহনশীলতা বজায় রাখি।’

/টিই/