শিরোনাম

ভারতে চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
বাসের কন্ডাক্টর সন্দীপ ও ড্রাইভার কুলদীপকে গ্রেপ্তার করা হয়েছে

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এক ১৬ বছরের কিশোরীকে চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৪ আগস্ট রাতের এ ঘটনায় জড়িত থাকা বেসরকারি পরিবহনের চালক কুলদীপ (৩৯) এবং কন্ডাক্টর সন্দীপকে (২৬) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার পর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় ওই কিশোরী। উত্তরপ্রদেশের মইনপুরী থেকে বাসে চড়ে সে রাত প্রায় ৯টার দিকে নামেন গ্রেটার নয়ডার পারি চকে। তখন চারদিকে প্রবল বৃষ্টি আর অন্ধকার। পারি চকে নেমে সে বুঝতে পারে, সেখান থেকে নয়ডা সেক্টর-৬৩ এলাকায় তার আত্মীয়ের বাড়ি তখনও অন্তত ২৫ কিলোমিটার দূরে।

ঝড়বৃষ্টির মধ্যে ফাঁকা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করার সময় একটি দূরপাল্লার স্লিপার বাস এসে তার সামনে থামে। বাসে কোনো যাত্রী ছিল না। বাসটি সেক্টর-৬৩-এর দিকেই যাচ্ছে— কন্ডাক্টরের এমন কথায় আশ্বস্ত হয়ে সরল বিশ্বাসে উঠে পড়ে মেয়েটি। তবে তদন্তে জানা গেছে, বাসটি আসলে সূরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল এবং ওদিকে যাওয়ার কথা ছিল না।

অভিযোগ অনুযায়ী, বাসটি চলতে শুরু করতেই বাসের পর্দা নামিয়ে কন্ডাক্টর মেয়েটির ওপর চড়াও হয়। পরে চালক ও কন্ডাক্টর দুজন মিলেই তার ওপর যৌন নির্যাতন করে। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

নির্যাতনের পর অভিযুক্তরা কিশোরীকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোডে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মেয়েটির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। জব্দ করা বাসটি থেকে ফরেনসিক দল ভুক্তভোগীর চুলের গোছা উদ্ধার করেছে। এছাড়া রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

/এমএকে/