বাংলাদেশের মতো করে সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস: রাজনাথ সিং

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশের মতো করে সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারতের বিরোধী দল কংগ্রেস ও তাদের মিত্রদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশে সরকার পরিবর্তনের মতো পরিস্থিতি ভারতে তৈরি করতে চায় বিরোধীরা।

শুক্রবার (১৬ অক্টোবর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনি সংস্কার এবং নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের মতো বিষয়গুলোকে অজুহাত বানিয়ে দেশের তরুণ সমাজকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তরুণদের ভুল বুঝিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চক্রান্ত চলছে বলেও মনে করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের তরুণদের বিশৃঙ্খল রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। কেউ কেউ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে সরকার পরিবর্তন করতে চায়। তারা প্রকাশ্যেই স্বীকার করছে, বাংলাদেশের পরিস্থিতি থেকে অনুপ্রেরণা নিয়েছে। আবার কেউ কেউ সরকার উৎখাতের ডাক দিচ্ছে।

রাজনাথ সিং আরও বলেন, এতে স্পষ্ট, তাদের একমাত্র লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে তোলা। তাদের লড়াই নির্বাচনি সংস্কারের জন্য নয়, এসআইআর বা জ্ঞানেশ কুমারের বিষয়েও নয়। দেশের তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যও নয় বরং দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/