শীর্ষ নেতারা আটক, কী হবে সিজেপির ‘প্ল্যান বি’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শীর্ষ নেতারা আটক, কী হবে সিজেপির ‘প্ল্যান বি’
সিজেপির শীর্ষ তিন নেতা

ভোটার তালিকা সংশোধনের অনিয়ম ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে সিজেপি আয়োজিত ‘তেরঙ্গা যাত্রা’ শুরু হওয়ার ঠিক আগেই তাকে হেফাজতে নেওয়া হয়। দীপকের পাশাপাশি আইসা সভাপতি নেহা বোরাসহ আরও বেশ কয়েকজন বিক্ষোভকারীকেও আটক করেছে পুলিশ।

এর ফলে রাজপথে সরব থাকা সিজেপির প্রধান তিন পরিচিত মুখের কেউই নেই। তবে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতেও কর্মসূচি চালিয়ে নিতে প্রস্তুত রাখা ‘প্ল্যান বি’ দ্রুতই কার্যকর করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। আন্দোলন ঘিরে কনট প্লেস ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। সেন্ট্রাল পার্কের সবকটি প্রবেশপথ বন্ধ করে দিয়ে সেখানে জলকামান, ভারী পুলিশ, সিআরপিএফ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়। এলাকায় ১৬৩ ধারা জারির কথা জানিয়ে ও যানজট এড়ানোর অজুহাতে পুলিশ আগেই অভিজিৎ দীপকেকে প্রতিবাদস্থলে না যাওয়ার নোটিশ পাঠিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ঝান্ডেওয়ালের বাসা থেকে বের হওয়ার পরপরই অভিজিৎ দীপকেকে একটি গাড়িতে তুলে নেয় পুলিশ। পুলিশের এমন আচরণের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন সিজেপি নেতা। এ আগেই সিজেপির মিডিয়া সমন্বয়ক বিজয় এম জানিয়েছিলেন, দীপকেকে যদি কর্মসূচি স্থলে পৌঁছাতে না দেওয়া হয়, তবে তারা পূর্ব-পরিকল্পিত ‘প্ল্যান বি’ অনুযায়ী কাজ শুরু করবেন। এর আগে ১০ অক্টোবরের আন্দোলনের সময়ও একইভাবে দীপকেকে আটক করা হলে, আগে থেকে রেকর্ড করা ভিডিও বার্তার মাধ্যমে অজিঙ্কা শিন্ডেকে সাময়িক নেতৃত্ব দেওয়া হয়েছিল। তবে আজকের উদ্ভূত পরিস্থিতিতে নতুন বিকল্প পরিকল্পনা কী হতে যাচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, একই আন্দোলনে যুক্ত থেকে গ্রেপ্তার হওয়া সিজেপির অপর দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বর্তমানে দিল্লির তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে আছেন। দলের মূল তিন চালিকাশক্তিই এখন পুলিশের হেফাজতে। এখন দেখার বিষয়, রাজপথের কর্মীদের একাট্টা রেখে সিজেপি কীভাবে তাদের এই আন্দোলন এগিয়ে নিয়ে যায় ও তাদের প্লান বি কতটা কার্যকর হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এমএকে/