সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গোপনে দাফনের চেষ্টা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গোপনে দাফনের চেষ্টা
সিলেটের কানাইঘাট থানা

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খালেদ আহমদ (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পাঁচ দিনের ব্যবধানে একই উপজেলার সীমান্তে গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটল। এদিকে পুলিশকে না জানিয়ে খালেদের লাশ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। খালেদ উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। নিহতের পরিবার পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পুলিশকে না জানিয়েই লাশ বাড়িতে নিয়ে দাফনের চেষ্টা চলছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খালেদ আহমদ ও ময়নুল হক নামের এক ব্যক্তি দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে খালেদ ঘটনাস্থলেই নিহত হন। পরে তার লাশ সীমান্তের শূন্যরেখার কাছাকাছি পড়ে ছিল বলে স্থানীয় সূত্রের দাবি।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, খালেদের ভাই সালাউদ্দিন তাকে বিষয়টি জানিয়েছেন। সালাউদ্দিনের ভাষ্য অনুযায়ী, বিএসএফের গুলিতে তার ভাই নিহত হয়েছেন এবং লাশ মিকিরপাড়া এলাকার সীমান্তে পড়ে আছে। খবর পাওয়ার পর তিনি থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিষয়টি জানান। পরে বিজিবি লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে বক্তব্য জানতে দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনাখেড় সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ নামের আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল।

/এমআর/