দিল্লিতে তেরঙা যাত্রা ঘিরে বিক্ষোভ, আটক দেড় শতাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দিল্লিতে তেরঙা যাত্রা ঘিরে বিক্ষোভ, আটক দেড় শতাধিক
পুলিশ তাদের ছত্রভঙ্গ করলে আবার বিভিন্ন স্থানে জড়ো হন; পুলিশের সঙ্গে বিতণ্ডা ও হাতাহাতিও হয়

ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টি (সিজিপি) ও বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী। শুক্রবার সন্ধ্যায় ‘তেরঙা যাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাদের কয়েক দফায় সংঘর্ষ ও বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় প্রায় ১৫০ জনকে আটক করেছে পুলিশ বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে তারা বিভিন্ন স্থানে আবারও জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা সেন্ট্রাল পার্কের আশপাশে জড়ো হয়ে ‘জয় হিন্দ’ স্লোগান দেন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন।

শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে কর্মসূচি শুরুর আগেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে তার বাসা থেকে আটক করে পুলিশ। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়।

নেহার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা কেউ জানে না। তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

দুই নেতাকে আটকের পরও তেরঙা যাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাস্তায় নামেন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের নেতা-কর্মীরা।

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা দিল্লির কেন্দ্রস্থলে পৌঁছান বলে জানিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সংসদ সদস্য জন ব্রিটাস। তিনি বলেন, কর্তৃপক্ষ কনট প্লেসে কাউকে প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছিল। কিন্তু তারা সেখানে পৌঁছে জাতীয় পতাকা উড়িয়েছেন এবং পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেছেন।

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি ও কয়েকটি যুব সংগঠন। এর আগে দিল্লির যন্তর মন্তরেও তারা কর্মসূচি পালন করেছিল।

এদিকে প্রশাসনিক কারণ দেখিয়ে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর আগেই পুলিশ অভিজিৎ দীপকের বাসায় গিয়ে তাকে কর্মসূচি বন্ধের নোটিশ দেয়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। নোটিশে অভিযোগ করা হয়, দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকানি দিচ্ছেন, যা বেআইনি। নোটিশ হাতে নিয়ে পুলিশের কাছে এ বিষয়ে নানা প্রশ্ন তোলেন তিনি।

/এমআর/