বাণিজ্য চুক্তি নিয়ে ভারতকে বড় সুখবর যুক্তরাষ্ট্রের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাণিজ্য চুক্তি নিয়ে ভারতকে বড় সুখবর যুক্তরাষ্ট্রের
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তিতে ভারতের অবস্থান আরও শক্ত হতে চলেছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারতকে সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। তবে শুল্ক নিয়ে কোনো চালাকি হলে ভারতও হাত গুটিয়ে বসে থাকবে না- চুক্তিতে এমন একটি সুরক্ষাকবচ রাখার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই কর্মকর্তা জানান, দুই দেশের আলোচকেরা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে মার্কিন প্রতিনিধিদলের দুই দিনের নয়াদিল্লি সফরে শুল্ক ও বাণিজ্য সহজীকরণ অধ্যায়ের অনেক জট খুলেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শুল্ক কাঠামো কী হয়, সেটিও ভারতের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভবিষ্যতে ভারতের ওপর নতুন কোনো শুল্ক আরোপ হতে পারে কি না- এমন প্রশ্নে কর্মকর্তা জানান, চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করলে ভারতও তার দেওয়া বাণিজ্যিক সুবিধা পরিবর্তন বা প্রত্যাহারের অধিকার রাখবে।

জানা গেছে, ভারত ও যুক্তরাষ্ট্র এখন দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা শেষ করার পথে রয়েছে। তবে এ প্রথম ধাপে সেবা খাতকে বাইরে রাখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএকে/