জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ভারত
ডক্টর জাকির নায়েক

ডক্টর জাকির নায়েকের নেতৃত্বাধীন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়েছে ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগঠনটিকে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে আবারও বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে। দেশের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, সিদ্ধান্তটি সন্ত্রাসবাদ ও দেশবিরোধী কার্যকলাপের প্রতি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নেওয়া হয়েছে। ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, সংগঠনটি সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়া, সন্ত্রাসবাদকে উৎসাহিত করা এবং বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়ানোর মতো নানা কাজে লিপ্ত ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০১৬ সালের নভেম্বরে প্রথমবার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। এবারের বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আইআরএফ এমন সব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যা দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাশাপাশি ধর্মনিরপেক্ষ কাঠামোকেও হুমকির মুখে ফেলতে পারে।

বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডক্টর জাকির নায়েকের বিভিন্ন বক্তৃতা ও বিবৃতির প্রসঙ্গও টানা হয়েছে। সরকারের দাবি, তার এসব বক্তব্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও শত্রুতা তৈরি করেছে এবং ভারতসহ বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করেছে। তাই দেশবিরোধী মনোভাবের বিস্তার ঠেকাতে সংগঠনটির কার্যক্রম পুরোপুরি দমন করা জরুরি বলে মনে করছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/