ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৩

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৩
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসটি

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার সংলগ্ন রংগাজান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মিনিবাস বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রংগাজান এলাকায় পৌঁছানোর পর একটি দ্রুতগামী কন্টেইনারবাহী ট্রাক মিনিবাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মিনিবাসটি নিমিষেই দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরেই আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন। শুরু হয় উদ্ধারকাজ। বাসটির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের একে একে বাইরে বের করে আনা হয়।

ঘটনার পরপরই গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। বাস থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’ উল্লেখ্য, নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছায়।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজিরাঙা পার্কের আশপাশের এলাকায় নির্ধারিত গতিসীমা এবং ট্রাফিক নিয়ম অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল মিনিবাসটি। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই বিপরীত দিক থেকে আসা ওই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এদিকে এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘কাজিরাঙায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এত মানুষের প্রাণহানির ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। কোনো কথাই তাদের কষ্ট লাঘব করতে পারবে না। তবে তারা যেন জানেন, এ শোকের মুহূর্তে তারা একা নন। আসামের সবাই তাদের পাশে রয়েছে।’

সূত্র: এনডিটিভি

/এমএকে/