শিরোনাম

ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত ৩৩

সিটিজেন ডেস্ক
ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত ৩৩
ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড ভারতের উত্তর প্রদেশ। ছবি: দ্য ডেইলি জাগরণ

শক্তিশালী ঝড় ও ভারী বর্ষণে ভারতের উত্তরপ্রদেশে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

রাজ্যের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভাদোহী পুলিশ জানিয়েছে, জেলায় ভিন্ন ভিন্ন ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এছাড়া ফতেহপুর জেলায় ৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ১৬ জন। এর মধ্যে শুধু খাগা তেহসিলেই প্রাণ হারিয়েছেন ৮ জন, তাদের ৫ জন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

অসময়ের এ বৃষ্টিতে প্রাণহানির সঙ্গে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/