বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশন বন্ধের প্রস্তাব পুলিশের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশন বন্ধের প্রস্তাব পুলিশের
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠতে পারে নয়া দিল্লি। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহিরের গেট বন্ধ রাখার পাশাপাশি ট্রেনের সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রান্সপোর্ট রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার দিল্লি মেট্রো রেল করপোরেশনকে (ডিএমআরসি) পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানান। চিঠিতে বলা হয়েছে, বিক্ষোভের সময় বিশৃঙ্খল জনতা যাতে সংবেদনশীল এলাকাগুলোর দিকে এগিয়ে যেতে না পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু করে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

পুলিশের চিহ্নিত ৫৭টি মেট্রো স্টেশনের তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, জনপথ, নতুন দিল্লি, মান্ডি হাউস, আইটিও, সুপ্রিম কোর্ট, ইন্দ্রপ্রস্থ, কাশ্মীর গেট, করোল বাগ, আইএনএ, হাউজ খাস, লাজপত নগর, জামিয়া মিলিয়া ইসলামিয়া, সিলামপুর, ওয়েলকাম, শাহদারা এবং রোহিনীর মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলো। তবে পুলিশ চিঠি বা প্রস্তাব পাঠালেও ডিএমআরসি আনুষ্ঠানিকভাবে স্টেশনগুলো বন্ধের অনুমোদন বা বাস্তবায়ন করেছে কি না সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিক্ষোভের আগেই পুলিশ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। সিজেপি নেতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, বিক্ষোভ দমন করতে প্রশাসন ধরপাকড় চালাচ্ছে, তবে এর মধ্যেও তারা কর্মসূচি থেকে পিছপা হচ্ছেন না। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, আমাদের ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচির আগে বিজেপি সরকার দেশজুড়ে হাজার হাজার তরুণকে আটক করেছে। এ ভীতি প্রদর্শনে কোনো লাভ হবে না, মোদি। দেশের যুবসমাজ আপনাকে আর ভয় পায় না। আমি আগামীকাল দিল্লিতে নামব এবং যা-ই ঘটুক না কেন, যন্তর মন্তরের দিকে পদযাত্রা করব।

সূত্র: এএনআই

/এমএকে/