১০ অক্টোবর দিল্লি উত্তাল করার হুঁশিয়ারি ককরোচদের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১০ অক্টোবর দিল্লি উত্তাল করার হুঁশিয়ারি ককরোচদের
ককরোচ জনতা পার্টির নেতৃবৃন্দ

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কর্মসূচি দেওয়া হলেও দলটির দাবি, এটি শুধু তাদের নিজস্ব কর্মসূচি নয়; যুবসমাজ ও জেন–জি প্রজন্মের বৃহত্তর প্রতিবাদের অংশ।

বুধবার (৭ অক্টোবর) রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দলটির সহ-আহ্বায়ক সৌরভ দাশ এ কর্মসূচির ঘোষণা দেন।

সৌরভ দাশ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম কিংবা নাগরিক অধিকার নিয়ে যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদকে তাঁরা স্বাগত জানান। ইন্ডিয়া জোট, বিভিন্ন ছাত্রসংগঠন, সমাজকর্মী কিংবা সাধারণ মানুষ—সবারই নিজেদের অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার অধিকার রয়েছে।

তাঁর ভাষ্য, বারবার মানুষকে রাজপথে নামতে হলে তার পেছনে কোনো না কোনো সমস্যা রয়েছে। মানুষের কথা না শোনা হলে প্রতিবাদই শেষ পর্যন্ত মানুষের কাছে শেষ অবলম্বন হয়ে ওঠে।

যেখানে আটকাবে পুলিশ, সেখানেই ‘যন্তর মন্তর’

১০ অক্টোবরের কর্মসূচিতে দিল্লির যন্তর মন্তরে জমায়েতের পরিকল্পনা রয়েছে ককরোচ জনতা পার্টির। তবে পুলিশ কর্মসূচিতে বাধা দিলে সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দলের নেতারা।

সৌরভ দাশ বলেন, পুলিশ যে জায়গায় তাঁদের থামাবে, সেই জায়গাই তাঁরা ‘যন্তর মন্তর’ বানিয়ে নেবেন।

অর্থাৎ নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারলেও কর্মসূচি থেকে সরে আসবে না দলটি। পুলিশি বাধার মুখেও প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তারের আশঙ্কা

১০ অক্টোবরের কর্মসূচির আগে দলের নেতাদের গ্রেপ্তার বা আটক করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সৌরভ দাশ। তিনি বলেন, তাদের কিছু শুভানুধ্যায়ীর কাছ থেকে এমন তথ্য তারা পেয়েছেন।

তবে নেতাদের আটক বা গ্রেপ্তার করা হলেও আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তিনি। তার বক্তব্য, ভবিষ্যতের জন্য এই আন্দোলনে এফআইআর বা কারাগারের ভয় আর তাদের নেই।

ফর্ম ৬ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

ককরোচ জনতা পার্টির অন্যতম অভিযোগ নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং ফর্ম ৬ নিয়ে। দলটির দাবি, ফর্ম ৬–এর বিষয়ে কমিশনের বক্তব্যের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের অসঙ্গতি রয়েছে।

সৌরভ দাশের দাবি, নির্বাচন কমিশন বলেছিল, সুপ্রিম কোর্ট ফর্ম ৬–এ পরিবর্তন আনার বিষয়টি অনুমোদন করেছে। কিন্তু সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করেছেন, আদালত ফর্ম ৬–এ কোনো পরিবর্তন অনুমোদন করেনি।

এই বক্তব্যকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ককরোচ জনতা পার্টি।

দলটির নেতারা বলছেন, ১০ অক্টোবরের কর্মসূচিতে শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, ফর্ম ৬–এর অবস্থান এবং নাগরিকের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিয়েও কথা বলা হবে।

সৌরভ দাশের ভাষ্য, এ আন্দোলন কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। যুবসমাজ ও জেন–জি প্রজন্মের ভবিষ্যৎ এবং নাগরিক অধিকার নিয়ে বৃহত্তর প্রতিবাদের অংশ হিসেবেই তাঁরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

/এমআর/