দিল্লিতে একই দিনে দুই স্থানে আগুন, প্রাণ গেল ৪ জনের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দিল্লিতে একই দিনে দুই স্থানে আগুন, প্রাণ গেল ৪ জনের
দিল্লিতে একই দিনে দুই স্থানে আগুন

ভারতের রাজধানী দিল্লিতে আজ শুক্রবার (৬ নভেম্বর) একই দিনে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মঙ্গোলপুরির একটি জুতা তৈরির কারখানায় আগুনে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

অন্যদিকে, করোলবাগের ব্যস্ত গাফফার মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকালে করোলবাগের গাফফার মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেইন ওয়ালি গলির পুরি প্লাজায় আগুন লাগে। এ সময় ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে দমকল বাহিনীর ২২টি ইউনিট কাজ করে। এ ছাড়া পানি সরবরাহের জন্য অতিরিক্ত গাড়ি ও আলোর সরঞ্জামও ঘটনাস্থলে পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় থাকা একটি মোবাইল ফোনের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে কোনো ব্যাটারি থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ভবন ঠান্ডা করার কাজ শেষ হলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, রাতে দিল্লির মঙ্গোলপুরি শিল্প এলাকার প্রথম ধাপের একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগে। কারখানাটির ঠিকানা বি-২৯৩/২৯৪। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানার ভেতরে ২০ থেকে ২৫ জন ছিলেন। তাদের মধ্যে ১৮ থেকে ১৯ জন বের হতে পারলেও ছয়জন ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

/এফআর/