মোদি-শাহ দেশের সংবিধানের থেকে বড় নয়: রাহুল গান্ধী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মোদি-শাহ দেশের সংবিধানের থেকে বড় নয়: রাহুল গান্ধী
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী

ভোটে জালিয়াতি ও সংবিধান অবমাননার মারাত্মক অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ২০২৪ সালের সাধারণ নির্বাচনসহ একাধিক রাজ্য নির্বাচনে অনিয়মের দায়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, নিজেদের যতই পরাক্রমশালী মনে করুন না কেন, দেশের সংবিধানের ওপরে কেউ নন।

রবিবার দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিরোধী জোটের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের এ শীর্ষ নেতা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তা ছাড়া নরেন্দ্র মোদির পক্ষে প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সম্ভব ছিল না। নির্বাচন ব্যবস্থাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ক্ষমতায় টিকে থাকার পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ তার। রাহুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে হঠানোর পর তাদের মূল লক্ষ্য হবেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ।

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাহুলের দাবি, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের অজুহাতে প্রায় ১৫ শতাংশ বৈধ ভোটারের নাম ছেঁটে ফেলা হয়েছে। একে সাধারণ অনিয়ম মানতে নারাজ তিনি। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং অত্যন্ত গুরুতর অপরাধ। লোকসভা ভোটের পাশাপাশি মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও কর্ণাটক নির্বাচনেও ছক কষে ভোট চুরি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভোটের অনিয়মের পাশাপাশি দেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির দিকেও আঙুল তোলেন রাহুল গান্ধী। শিল্পপতি গৌতম আদানি প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের জল-জঙ্গল-জমি ও সম্পদ গুটিকয়েক ধনকুবেরের হাতে তুলে দেওয়া হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও কৃষকদের অধিকার রক্ষার পক্ষে সওয়াল করে তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা শিল্পপতিদের নিয়ন্ত্রণে চলে গেলে সাধারণ মানুষ সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।

সমাবেশে বিরোধী জোটের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে রাহুল গান্ধী জানান, বিরোধী জোট হিংসা বা ঘৃণার রাজনীতিতে বিশ্বাসী নয়, কিন্তু দেশের সংবিধান রক্ষায় বিন্দুমাত্র আপস করা হবে না।

সূত্র: এনডিটিভি

/এমএকে/