যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকবে ভারত: বিজেপি নেতা
বিজেপি নেতা মদন রাঠোর

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে ভারত পাকিস্তানকে সমর্থন দেবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল বিজেপির রাজস্থান রাজ্যের সভাপতি মদন রাঠোর। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। কংগ্রেস ও আম আদমি পার্টি (এএপি) বিজেপির জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তুলে দলটির তীব্র সমালোচনা করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জয়পুরে এক বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

মদন রাঠোর বলেন, ‘আমাদের সবার এটি বোঝা প্রয়োজন। ভারতের ক্ষেত্রে- যদি আজ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তবে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব। কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন বিষয়টি আমাদের নিজেদের মধ্যে হয়, তখন আমরা ভারতের পাশে দাঁড়াই। তাই না? এটাই আমাদের বুঝতে হবে।’

এই মন্তব্যের সমালোচনা করে কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ রাঠোরকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করেছেন। তিনি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাঠোরের মতামতের সঙ্গে একমত কি না।

এক্স বার্তায় তিনি লেখেন, ‘সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এলো, যে পাকিস্তান আমাদের সেনা ও সাধারণ মানুষকে হত্যা করে। রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর বলছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষে থাকবেন। এই দেশবিরোধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমাদের জানানো হোক।’

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও (আপ) রাঠোরের বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে বিজেপির কড়া সমালোচনা করেছে।

দলটি বলেছে, সাধারণ মানুষ যখন প্রশ্ন তোলে, তখন তাদের পাকিস্তানি বলা হয়। তরুণরা যখন কণ্ঠ তোলে, তখন তাদের সন্ত্রাসী বলা হয়! কিন্তু যখন বিজেপির কোনো নেতা পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন মোদির জাতীয়তাবাদ কোথায় হারিয়ে যায়? যে বিজেপি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে, তারা কি দেশদ্রোহী নয়, মিস্টার মোদি?’

এদিকে সমালোচনার পর মদন রাঠোর দাবি করেন, তার বক্তব্যকে ‘বিকৃত’ করা হয়েছে এবং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ‘মোটেও উপযুক্ত নয়’।

তার দাবি, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রেক্ষাপটেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

রাঠোর বলেন, ‘মানুষ সেখান থেকে কেবল শেষ দুটি লাইন তুলে ধরেছে। অথচ আমি খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে যে ব্যক্তি আতশবাজি ফাটায়, সে দেশপ্রেমিক নয়। হ্যাঁ, যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে থাকে, তবে সেটি ভিন্ন বিষয়।’

তিনি আরও দাবি করেন, ‘এখন যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তাতে মনে হচ্ছে তাদের মনে আমার প্রতি অসৎ উদ্দেশ্য ছিল।’

মদন রাঠোরও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেছেন এবং বিরুদ্ধে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, বিশ্বজুড়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের সুযোগে কিছু বিদেশি শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত করার জন্য বিদেশি অর্থায়নে কিছু ব্যক্তি ও গোষ্ঠীকে সংগঠিত করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

/জেএইচ/