দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হচ্ছেন ইমরান খান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হচ্ছেন ইমরান খান
বলিউড অভিনেতা ইমরান খান

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধন অনিয়মের অভিযোগে দিল্লিতে চলা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বলিউড অভিনেতা ইমরান খান। এর জেরে তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তবে সেই নোটিশের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে জানা যায়, ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়েছিলেন ইমরান খান। তার সঙ্গে ছিলেন সঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং আত্মীয় জেইন মেরি খান। সে সময় পুলিশ তিনজনকেই আটক করে। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

তবে অভিবাসন ও বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অজুহাতে ইমরান খানের হাতে ধরিয়ে দেওয়া হয় ভারত ছাড়ার নোটিশ। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৮ অক্টোবরের মধ্যে তাকে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

আইনি সূত্রের বরাতে জানা গেছে, ইমরান খানের আইনজীবী জুলফিকার মেমন এবং তার আইনি প্রতিষ্ঠান এমজেডএম লিগ্যালের পক্ষ থেকে শুক্রবার (১৬ অক্টোবর) কিংবা সোমবারের (১৯ অক্টোবর) মধ্যেই হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হতে পারে।

ইমরান খান ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী। আর ভারতের বিদ্যমান কোনো আইনি অনুচ্ছেদ বা নিয়মে ওসিআই কার্ডধারীদের কোনো ধরনের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়নি। ফলে এ নোটিশটি সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যেপ্রণোদিত।

এখন দেশ ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হচ্ছেন এই অভিনেতা। হাইকোর্টে আবেদনের পর এ বিষয়ে আদালত কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/