ভারতে বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি

ভারতে আন্দোলন ও অস্থিরতা তৈরি করে কেন্দ্রীয় সরকার উৎখাতের চক্রান্ত করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার অনুসারীরা- এমনই অভিযোগ তুলেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার পুরো গোষ্ঠী দেশে শাসন পরিবর্তন করে বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার একটি বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে এ কথা বলেন তিনি। তিনি দাবি করেন, শিক্ষার্থী নেত্রী নেহা বোরা এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি বাংলাদেশের তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত এবং বাংলাদেশে যেভাবে পরিবর্তন এসেছে, ভারতেও ঠিক তেমনটাই হওয়া উচিত।

বিজেপি মুখপাত্রের মতে, নেহা বোরার এ কথাগুলো তার মুখ থেকে বের হলেও পেছনের ভাবনাটা আসলে রাহুল গান্ধীরই। রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচিতে ও নেত্রীর উপস্থিতি প্রমাণ করে, পুরো ঘটনার পেছনে সুগভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে। ভান্ডারি বলেন, এগুলো নেহা বোরার কথা হলেও রাহুল গান্ধীরই মতামত।

সরকারবিরোধী এ তৎপরতাকে সাধারণ কোনো রাজনৈতিক আন্দোলন বলতে নারাজ ক্ষমতাসীন দল। তাদের দাবি, ভারতে বাংলাদেশের মতো জেন-জি আন্দোলন তৈরি করে কেন্দ্র থেকে সরকার উৎখাতের ছক আঁকা হচ্ছে।

বিজেপির মুখপাত্র আরও বলেন, এটি রাজনৈতিক প্রতিরোধ নয়; বরং নৈরাজ্যপূর্ণ মিছিল ও বিদ্রোহ। একই সঙ্গে তিনি বলেন, রাহুল গান্ধীর মূল উদ্দেশ্য গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানো নয়, বরং রাজপথের নৈরাজ্যকে বৈধতা দেওয়া।

ভোটে জিতে ক্ষমতায় আসতে ব্যর্থ হয়ে রাহুল গান্ধী এবার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ বিজেপির। দলটির দাবি, আইনি ও গণতান্ত্রিক পথে ফিরতে না পেরে তিনি ঘুরপথে নিজের পরিবারকে আবার ক্ষমতার কেন্দ্রে বসাতে চাইছেন।

তবে বিজেপির এ সমালোচনার পর কংগ্রেস বা নেহা বোরার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: দ্য ইকেনোমিকস টাইমস

/এমএকে/