বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো ও মেট্রো উদ্বোধনে মোদি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো ও মেট্রো উদ্বোধনে মোদি

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। এরইমধ্যে তামিলনাড়ুতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

চেন্নাই বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বিমানবন্দর থেকেই একটি সংক্ষিপ্ত রোড শো করেন মোদি। গাড়িবহর যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরের কাছাকাছি ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করেছিল রাজ্য বিজেপি। এরপর মোদির গাড়িবহর যায় মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে।

সেখানে চেন্নাই মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে সঙ্গে নিয়ে যৌথভাবে নতুন এ মেট্রো পরিষেবার সূচনা করেন এবং একই ট্রেনে ভ্রমণও করেন তারা। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এ নতুন রুটে মোট ১১টি উড়াল মেট্রো স্টেশন রয়েছে।

এদিকে মোদির এ সফরের ঠিক আগের দিনই উত্তাল ছিল দেশটির রাজধানী। শনিবার দেশজুড়ে রাজনীতিবিদ ও অভিনেতাসহ ৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। যদিও পরে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির যন্তর মন্তরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা।

সূত্র: এনডিটিভি

/এমএকে/