শিরোনাম

ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার প্রতি ১০ রুপি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার প্রতি ১০ রুপি
গরুর পাল

দুধ দেওয়া বন্ধ করে দেওয়া বয়স্ক গরুগুলোকে অভুক্ত থাকা বা রাস্তায় ঘুরে বেড়ানো থেকে বাঁচাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। কৃষকদের থেকে সরাসরি লিটার মেপে গোমূত্র কেনা শুরু করেছে রাজ্যটি। মূলত দুধ না দেওয়া গরুর পরিচর্যা অব্যাহত রাখা এবং গ্রামীণ নারীদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করতেই এ নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের বুলান্দশ্বর জেলায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ১০ রুপি দামে কেনা হচ্ছে। প্রাথমিক ধাপের এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পাশাপাশি প্রতি লিটারের দাম ২০ রুপি করার পরিকল্পনা রয়েছে যোগী আদিত্যনাথ সরকারের। মূল উদ্দেশ্য হলো, যেসব গরু আর দুধ দেয় না, সেগুলোকে যেন খামারিরা ছেড়ে না দেন। খাদ্যাভাব ও সঠিক যত্নের অভাবে এসব প্রাণী যাতে কষ্ট না পায়, সে জন্য পরিবারগুলোর হাতে কিছুটা বাড়তি অর্থ তুলে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য।

বর্তমানে বুলান্দশ্বরের ১৫টি গ্রাম থেকে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের সুবিধার্থে গ্রামগুলোর বিভিন্ন স্থানে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংগৃহীত এ গোমূত্র মূলত কৃষিকাজে ব্যবহার করা হবে। তাদের আশা, এটি ব্যবহারে জমিতে রাসায়নিক সার ও ক্ষতিকারক কীটনাশকের ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে। পাশাপাশি ঘরের কাজ সামলানো গ্রামীণ নারীদের জন্য এটি বাড়তি উপার্জনের একটি ভালো মাধ্যম হয়ে উঠেছে।

তবে সরকারের এ উদ্যোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল সমাজবাদী পার্টি কর্মসূচিটির তীব্র সমালোচনা করে একে অর্থ অপচয়ের একটি বাহানা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, প্রকল্পটি সাধারণ মানুষের কোনো বাস্তব উপকারে আসবে না।

সূত্র: এনডিটিভি

/এমএকে/