৫ লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৫ লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ
ইতালি

ইউরোপের দেশ ইতালিতে আগামী তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। ফ্লো ডিক্রির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে।

নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে। আর বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য রয়েছে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ।

তালিকায় রয়েছে বাংলাদেশ

ইতালি সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে ৫ লাখ বা নির্দিষ্ট কোনো বড় সংখ্যার কোটা বরাদ্দ রাখা হয়নি। বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

যেভাবে আবেদন করবেন

ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন।

অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হবে এমন নয়। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দূতাবাসের হাতে।

২০২৭ সালের জন্য আবেদনপ্রক্রিয়ার নির্দিষ্ট সময়সূচি রয়েছে। ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনের তথ্য আগাম পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দিতে হবে।

যেসব বিষয় জানা জরুরি

ইতালিতে কাজের সুযোগ পেতে শুধু চাকরির প্রস্তাব পেলেই হবে না, বরং সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং দেশটির ভাষা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা থাকলে তাদের জন্য বাড়তি সুবিধা তৈরি হতে পারে।

এর পাশাপাশি নতুন একটি ব্যবস্থার আওতায় ইতালির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি শেষ করা দক্ষ কর্মীরা নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও কাজের জন্য যাওয়ার সুযোগ পেতে পারেন। এ প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং পেশাগত দক্ষতা দেখা হয়।

/জেএইচ/