শিরোনাম

প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭
বিস্ফোরণের পর ধসে পড়া ভবন

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছের শহর ওভেরভিলিয়েতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে ২ বছরের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই সংকটাপন্ন। নিহত শিশুর নাম নাহিল।

ফ্রান্সের স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি ডিপার্টমেন্টের আওতাধীন ওভেরভিলিয়ে শহরের রুই পল-ভেরলেন এলাকার একটি ভিলা বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ঘটা বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় বাড়িটির একটি অংশ মুহূর্তেই ধসে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামে ফরাসি ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি সেবার কর্মীরা। স্থানীয় প্রেফেকচুরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ধসে পড়া অংশে আটকে পড়াদের উদ্ধার করতে প্রায় ১১০ জন ফায়ারফাইটার এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল একযোগে অভিযান পরিচালনা করে।

ধ্বংসস্তূপের নিচ থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয় শিশু নাহিলকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।

ফরাসি মাধ্যম ‘লো মোন্দ’, ‘লো পারিজিয়া’ এবং বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কী কারণে গ্যাস লিকেজ হয়েছিল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার মূল কারণ বের করতে ইতোমধ্যেই একটি পূর্ণাঙ্গ বিচারিক তদন্ত শুরু করেছে দেশটির স্থানীয় প্রশাসন।

/এমএকে/