শিরোনাম

ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম, ঝুঁকিতে জার্মান সীমান্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম, ঝুঁকিতে জার্মান সীমান্ত
বেলজিয়ামের মালমেডি এলাকা দাবানলের আগুন জ্বলছে

ইউরোপজুড়ে চলমান টানা তাপপ্রবাহ আর তীব্র খরায় ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম। ইতোমধ্যেই ৩ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়েছে এবং আগুন দ্রুত জার্মান সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে ডাচ হেলিকপ্টার ও ইউরোপীয় ইউনিয়নের পাঠানো বিমান।

শুধু বেলজিয়ামেই নয়, ইউরোপের বেশ কিছু দেশে এখন দাবানলের তাণ্ডব চলছে। স্পেনের আরাগন অঞ্চলে প্রায় সাড়ে ১৬ হাজার হেক্টর এলাকা পুড়ে ধ্বংস হয়েছে। অন্যদিকে গ্রিসের সালামিনা দ্বীপে দাবানলের আগুনে প্রাণ হারিয়েছেন দুজন। বেলজিয়ামের পূর্ব সীমান্তে শুক্রবার (১৪ আগস্ট) থেকে জ্বলতে থাকা এই আগুন ২০১১ সালের আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সারা দেশের দমকলকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন প্রতিবেশী জার্মানি ও লুক্সেমবার্গের ফায়ার সার্ভিস, বেলজিক সেনাবাহিনী এবং স্থানীয় কৃষকরা।

বেলজিয়ামের ওয়ালোনিয়া আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি আর্নক্স জানিয়েছেন, উদ্ধারকর্মীদের মূল লক্ষ্য এখন জার্মানির দিকে ছড়িয়ে পড়া আগুনকে আটকে রাখা। আগুন এখনো জার্মানিতে প্রবেশ না করলেও ধোঁয়ার তীব্রতা বাড়ায় সীমান্তবর্তী জার্মান শহর মনশাউয়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইতালি ও অন্যান্য দেশ থেকেও তিনটি হেলিকপ্টার ও দুটি ওয়াটার-বোম্বার বিমানে করে আকাশপথে পানি ফেলা হচ্ছে।

আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন করিম বুয়ারফা জানান, ‘আমরা কখনো কল্পনাও করিনি বেলজিয়ামে এত বড় আকারের দাবানল হবে। আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে। ’ তিনি আরও বলেন, ভবিষ্যতে এগুলোর সংখ্যা আরও বাড়বে, আমাদের উচিত নিজেদের প্রস্তুত রাখা।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলেই দিন দিন আবহাওয়া এতটা উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এরফলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

সূত্র; রয়টার্স

/এমএকে/