শিরোনাম

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
ইমরান খান ও তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ

ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রাইলির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এর আগে গত মে মাসে ‘দ্য মেইল অন সানডে’ জানিয়েছিল, প্রায় এক বছর প্রেমের সম্পর্কের পর তারা বাগদান সেরেছিলেন।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় সঙ্গীর সঙ্গে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। কী দারুণ একটি আনন্দের দিন।’

পাত্র ক্যামেরন ও’রাইলি প্রয়াত মিডিয়া মুঘল ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে। ক্যামেরন একসময় পারিবারিক প্রতিষ্ঠান ‘ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’ এবং অস্ট্রেলীয় গ্রুপ ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’-তে কাজ করেছেন। পরবর্তীতে তিনি ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি প্রাইভেট ইকুইটি তহবিল গড়ে তোলেন এবং সুইস মিটারিং কোম্পানি ‘ল্যান্ডিস+গাইর’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১১ সালে তোশিবার কাছে কোম্পানিটি বিক্রি করার আগে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় জেমিমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। ও’রাইলির আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে।

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বান্ধবী জেমিমার দুই ছেলে কাসিম ও সুলাইমান। ২০০৫ সালে ইমরান খানের সঙ্গে তার নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাতেও বেশ সক্রিয়। তার প্রযোজিত সিনেমা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ বেশ আলোচনায় এসেছিল। এ সিনেমাকে তিনি পাকিস্তানের প্রতি নিজের ভালোবাসার বার্তা হিসেবে অভিহিত করেছিলেন।

সূত্র: দ্য ডেইলি মেইল

/এমএকে/