শিরোনাম

ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডি বিভাগে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার কিছু আগে রুয়াঁ শহরের দক্ষিণে অবস্থিত ‘ক্লিওন’ কম্যুনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তারাবো জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী সফর করছিলেন। ট্রেনটি রুয়াঁ থেকে ক্যান শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণী গুরুতর আহত হলে তাকে আকাশপথে রুয়েন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে প্রায় ১৪০ জন দমকলকর্মী ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। অক্ষত যাত্রীদের ক্লিয়ন টাউন হলে নিয়ে যাওয়া হয়।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের তিনটি বগি উল্টে দুমড়েমুচড়ে যায়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের জানালা ও ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসছেন।

লাইনচ্যুতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে সাময়িকভাবে বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি, এনডিটিভি

/জেএইচ/