যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬
‘সেসনা ২১০’ মডেলের বিমান

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের অদূরে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুসহ মোট ছয়জন আরোহী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঘটা এ দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সাগরে জোরালো তল্লাশি শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করা উড়োজাহাজটি ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল। মার্কিন কোস্ট গার্ডের বরাতে জানা গেছে, একক ইঞ্জিনের ‘সেসনা ২১০’ মডেলের উড়োজাহাজটিতে চারজন প্রাপ্তবয়স্ক ও দুটি ছেলে শিশু ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে হর্ন আইল্যান্ডের কাছে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। পানিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচের দিকে নামছিল। শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে মেক্সিকো উপসাগরের পানিতে এটি বিধ্বস্ত হয়।

খবর পাওয়ার পরপরই কয়েকটি সংস্থা মিলে যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। তল্লাশি দল সাগরে বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেলেও এখন পর্যন্ত ছয় আরোহীর কারও কোনো খোঁজ পাওয়া যায়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

/এমএকে/