শিরোনাম

হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নিয়ে তার প্রশাসন চিন্তাভাবনা করছে।

সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

তবে প্রায় ১০ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে। তবে হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং সেখানে তারা ‘অনেক কিছুই’ করতে পারে।

এদিকে ইরান এখন পর্যন্ত প্রণালিটি বন্ধ করে দেয়নি। তবে দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাংকার এ পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেগুলোতে হামলা চালানো হতে পারে।

/এসএ/