শিরোনাম

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের
ইরাকের বসরায় হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১৫ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। রুমাইলা তেলক্ষেত্রে একজন শ্রমিক ভালভ পরিচালনা করছেন। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।

এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।

ইরানের সামরিক বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ চলাচল করে। চলমান সংঘাতের কারণে ইতিমধ্যে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। তবে তার জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারাই ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে’।

/এসএ/