শিরোনাম

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) তেজগাঁও থানা পুলিশের এক ‘বিশেষ অভিযানে’ তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন– কাজী জহুরুল ইসলাম সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী জসিম এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)। তারা কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচা চক্রের সদস্য বলে জানানো হয়েছে।

তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

গ্রেপ্তার সৌমিক উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের শেষ বর্ষের শিক্ষার্থী। আর ফয়সাল একই কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইন্টার্নের জন্য অপেক্ষমান।

তেজগাঁও থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকার সড়কে এক ব্যক্তির অবস্থানের খবর পাওয়া যায়, যিনি কবরস্থান থেকে মানুষের কঙ্কাল সংগ্রহ করে কেনাবেচার সঙ্গে জড়িত। সেখানে অভিযান চালিয়ে সৌমিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

সৌমিকের দেওয়া তথ্য অনুযায়ী তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে আটক করা হয়। তাদের দুজনের কাছেও দুটি কঙ্কাল পাওয়া যায়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে কঙ্কাল কেনাবেচার চক্রের হোতা ফয়সালকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে অবৈধ উপায়ে সংগ্রহকৃত ৪৪টি মাথার খুলিসহ মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

/এফসি/